কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির বড় অভিযান, বিপুল মাদকসহ আটক ২
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের এই বিশেষ অভিযানে প্রায় ১১ লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য উদ্ধার সহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধে বিজিবির পক্ষ থেকে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। দুই দিনব্যাপী অভিযানে ভারতীয় মদ, গাঁজা, জীবনরক্ষাকারী নামধারী ক্ষতিকর ডেক্সামেথাসন ট্যাবলেট এবং বিভিন্ন ব্র্যান্ডের সিরাপ উদ্ধার করেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
অভিযানের প্রথম দিনে মেহেরপুরের গাংনী সীমান্তের কাজিপুর এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের জামালপুর ও রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় কাজিপুর বর্ডার পাড়ার একটি মাঠ থেকে পাঁচ বোতল ভারতীয় মদ, ২০০ প্যাকেট পাতার বিড়ি এবং ১২ কেজি জিরাসহ মো. শাকিব ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করা হয়।
একই দিনে দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের নিচপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে সাত বোতল স্কাফ সিরাপ ও দুই বোতল ফেয়ারডিল সিরাপসহ মো. বাক্কার (৩৮) নামের আরেক ব্যক্তিকে আটক করেন বিজিবি সদস্যরা। এছাড়া জয়পুর মাঠপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় দুই কেজি ভারতীয় গাঁজা।
অভিযানের দ্বিতীয় দিনে মেহেরপুরের গাংনী সীমান্তের রংমহল ও শুভরাজপুর এবং কুষ্টিয়ার জামালপুর বিওপি এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১৬ কেজি গাঁজা, ৫০ বোতল ভারতীয় মদ এবং তিন হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদকের অনুপ্রবেশ বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। সীমান্তে যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আগামীতেও নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
১৪৮ বার পড়া হয়েছে