গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পাতার বিড়ি এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) চাড়ালডাঙ্গা বিওপির জওয়ানরা এই তল্লাশি অভিযান পরিচালনা করেন। চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির এমন কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
সীমান্তবর্তী বড়বিল এলাকায় রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে এই অভিযানটি পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, চাড়ালডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে আকস্মিক অভিযান চালায়। অভিযান চলাকালীন চোরাকারবারিরা পালিয়ে গেলেও মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত এসব ভারতীয় অবৈধ পণ্য ও নৌকা আইনানুগ প্রক্রিয়া শেষে গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনী নিশ্চিত করেছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানা গেছে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি এ বিষয়ে জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে সব ধরণের অবৈধ প্রবেশ, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও টহল তৎপরতা সবসময় অব্যাহত থাকবে।
১২৮ বার পড়া হয়েছে