কলাপাড়ায় চালু হলো সিজারিয়ান সেবা, সব উপজেলা হাসপাতাল ১শ' শয্যা করার ঘোষণা
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দেড় বছর পর পুনরায় সিজারিয়ান অপারেশন কার্যক্রম চালু হয়েছে। এই কার্যক্রম উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। একই সঙ্গে চলতি বছরের মধ্যে স্বাস্থ্য খাতে ১ লাখ কর্মী নিয়োগের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই সিজারিয়ান অপারেশনের উদ্বোধন করা হয়। ফিতা কেটে এই চিকিৎসাসেবা কার্যক্রমের সূচনা করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। এর ফলে এখন থেকে নামমাত্র সরকারি খরচে সিজারিয়ান অপারেশন করতে পারবেন উপকূলীয় এলাকার গর্ভবতী মায়েরা, যা স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, দেশের মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হবে। একই সাথে চলতি বছরের মধ্যেই ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৮ মাস পর এই গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা পুনরায় চালু হওয়ায় হাসপাতালের প্রতি স্থানীয় চিকিৎসা প্রত্যাশীদের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
১১৮ বার পড়া হয়েছে