জয়পুরহাটে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১১:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত জেলা কমিটির পরিচিতি সভা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের একটি স্থানীয় কার্নিভাল সেন্টারে আয়োজিত এই সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
জয়পুরহাট শহরের হাজী মাদ্রাসা রোডস্থ ‘এসো কার্নিভাল সেন্টারে’ আয়োজিত এই পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা রওনকুল ইসলাম টিপু চৌধুরী। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন।
সভায় বক্তারা দেশের জ্বালানি খাতের বিদ্যমান নানা সমস্যা, গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং ব্যবসায়ীদের যৌক্তিক স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, জ্বালানি খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জেলা শাখার সহ-সভাপতি হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলীম, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসো’-র নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক শামীম কাদির।
পরিচিতি সভায় নব-নির্বাচিত কমিটির সকল কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী নেতারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবগঠিত এই কমিটি আগামী দিনে পেট্রোল পাম্প মালিকদের অধিকার রক্ষা ও এলাকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
১১০ বার পড়া হয়েছে