ফায়ার সার্ভিসের অভিযানে কার্নিশে আটকা মাদ্রাসার শিশু ছাত্রী উদ্ধার
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ফেনী শহরে ছয়তলা ভবনের কার্নিশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ১০ বছরের এক মাদরাসাছাত্রীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুরে শহরের হাজারী রোড এলাকার দারুন নাজাত মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিশুটির নাম ইয়াসমিন আক্তার মিলি। সে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ডুবাইপ্রবাসী আবদুল শুক্কুরের মেয়ে। ইয়াসমিন দারুন নাজাত মহিলা মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, মেয়েকে ভালোভাবে পড়াশোনা করানোর উদ্দেশ্যে চলতি বছরের জানুয়ারি মাসে গ্রামের একটি মাদরাসা থেকে ইয়াসমিনকে ফেনী শহরের দারুন নাজাত মহিলা মাদরাসায় ভর্তি করা হয়। আরবি বিষয়ে দুর্বল হওয়ায় তাকে চতুর্থ শ্রেণিতে ভর্তি করা হয়েছিল।
শনিবার সকালে তিন দিনের ছুটি শেষে ইয়াসমিনকে মাদরাসায় রেখে যান তার মা। এর কিছুক্ষণ পর খবর আসে, মেয়েটি মাদরাসার ছয়তলা ভবনের কার্নিশে অবস্থান করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তার মা।
পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তখন ছয়তলার কার্নিশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসে ছিল শিশুটি। তাকে দেখতে ভবনের নিচে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়।
ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় কারিগরি কৌশল প্রয়োগ করে শিশুটিকে নিরাপদে কার্নিশ থেকে উদ্ধার করেন। পরে তাকে মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে শিশুটির সঙ্গে কথা বলে জানা গেছে, মাদরাসায় পড়তে অনিচ্ছুক ছিল সে। এ কারণে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে পুলিশকে জানিয়েছে শিশুটি।
ঘটনার পর ইয়াসমিনকে আর ওই মাদরাসায় না রাখার কথা জানিয়েছেন তার মা।
১২৩ বার পড়া হয়েছে