চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৫:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ট্রলি চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দেওপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহত ট্রলি চালকের নাম আবুল কালাম আজাদ ওরফে টিমন (৩৫)। তিনি নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালাম আজাদ সকালে তার ট্রলিতে একটি ছাগল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে দেওপাড়া নামক এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী অভিমুখী 'মহানন্দা' নামের একটি মেইল ট্রেন তার ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয় এবং ট্রলিতে থাকা ছাগলটিও মারা যায়।
আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
১২৮ বার পড়া হয়েছে