মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৭:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। দিল্লির একটি সংবাদ সম্মেলন সাকিবের ফেসবুক পেজে লাইভ করার কিছুক্ষণ পরই এই হামলা চালানো হয়।
মাগুরা শহরের কেশবমোড় এলাকার সাহাপাড়ায় অবস্থিত সাকিবের পৈতৃক বাড়িতে বুধবার রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে একটি জ্বলন্ত বোতল ছুড়ে মারে। এতে গেটের কিছু অংশে আগুন ধরে যায় এবং জানালার কাচ ভেঙে যায়।
খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে কোমল পানীয়র দুটি পরিত্যক্ত বোতল উদ্ধার করেছে। তবে এটি নিশ্চিতভাবে পেট্রোল বোমা ছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন সাকিবের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এর কিছুক্ষণ পরই এই হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং খুব শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হবে।
১২৯ বার পড়া হয়েছে