খাগড়াছড়িতে এনসিপির শোক র্যালি ও জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১১:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শোক র্যালি ও পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার দুপুরে জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে মহাজনপাড়াস্থ কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ সহযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করেন দলটির নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মো. নূর আলম। তিনি জুলাই বিপ্লবে জীবন উৎসর্গকারীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, যারা দেশের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের অবদান জাতি চিরকাল মনে রাখবে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব।
বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের আহত বীরদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তরুণ ও ছাত্রসমাজের এই ঐতিহাসিক আত্মত্যাগ না থাকলে দেশ আজীবন দুঃশাসনের অন্ধকারে নিমজ্জিত থাকত। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ার কৃতিত্ব এই বীরদেরই প্রাপ্য।
স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক চাইথোয়াই মারমা, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন মিঠু এবং নারী শক্তির কেন্দ্রীয় সংগঠক আকলিমা আক্তার। এ ছাড়া যুব শক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
১০৮ বার পড়া হয়েছে