ফরিদপুরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন: প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে প্রতিবেশী হাফিজুর রহমান মোল্লাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আজ এ রায় ঘোষণা করে। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান মোল্লা (৫১) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সূর্য্যক মধ্যপাড়া গ্রামের মৃত বাবুল মোল্লার ছেলে। মামলার নথিসূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ মে দুপুরে এই নিপীড়নের ঘটনাটি ঘটেছিল।
সেদিন পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটির মা ও বড় বোন এক অসুস্থ আত্মীয়কে দেখতে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হাফিজুর ওই ঘরে প্রবেশ করেন। ওই সময়ে ভুক্তভোগী শিশুটি গোসল শেষে নিজের ঘরে পোশাক পরিবর্তন করছিল।
অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে জোরপূর্বক শিশুটিকে যৌন নিপীড়ন করতে শুরু করলে সে চিৎকার করে ওঠে। মুখ চেপে ধরে ঘটনাটি কাউকে না বলার জন্য ৩০০ টাকা দেওয়ার প্রলোভনও দেখায় অভিযুক্ত। একপর্যায়ে ধস্তাধস্তি করে শিশুটি নিজেকে মুক্ত করে আবার চিৎকার করলে হাফিজুর পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা বাড়ি ফিরলে ভুক্তভোগী শিশুটি তাদের বিস্তারিত জানায়। স্বজনদের সাথে আলোচনা শেষে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি গোলাম রব্বানী ভুঁইয়া রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে এই সাজা প্রদান করেন।
১১৭ বার পড়া হয়েছে