ওয়াশিংটনে দাবানলের তাণ্ডব, ৬৫ হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্পোকেন কাউন্টিসহ কয়েকটি এলাকায় আগুনে প্রায় ৭০০টি বাড়িঘর পুড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় ৬৫ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে আগুন লাগানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে চলমান দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পোকেন কাউন্টি, যেখানে শত শত বাড়িঘর আগুনে ধ্বংস হয়েছে। আমেরিকান রেড ক্রস জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৭০০টি বাড়ি পুড়ে গেছে এবং নিরাপত্তার স্বার্থে ৬৫ হাজারের বেশি মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্পোকেন কাউন্টির একটি বড় দাবানলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের ধারণা, তিনি ‘ওল্ড ট্রেইলস ফায়ার’ নামে পরিচিত দাবানলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন।
দাবানল নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী ও জরুরি সেবা সংস্থার সদস্য কাজ করছেন। কিছু এলাকায় আবহাওয়ার উন্নতি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে অগ্রগতি হলেও স্পোকেন ও স্টিভেন্স কাউন্টির কয়েকটি অংশে পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
শনিবার শুরু হওয়া এই দাবানলে ইতোমধ্যে প্রায় ৮ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে। পাশাপাশি ওয়াশিংটনের অন্যান্য এলাকাতেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
বজ্রপাতের সূত্র ধরে শুরু হওয়া সিনলাহেকিন দাবানলে এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ৮২০ জনেরও বেশি কর্মী কাজ করছেন।
অন্যদিকে, লিটল জায়ান্ট ফায়ার নামে আরেকটি দাবানলে ওকানোগান-ওয়েনাচি জাতীয় বনের ৫১ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপপ্রবাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে এ বছর ওয়াশিংটনে দাবানলের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১২৮ বার পড়া হয়েছে