ভোমরা স্থলবন্দর দিয়ে এলো ১০০ টন কাঁচা মরিচ, কমতে পারে দাম
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ২:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম দিনেই বন্দর দিয়ে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। আমদানিকৃত এই মরিচ বাজারে সরবরাহ হলে দ্রুতই দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
দেশের বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১০টি ট্রাকে করে ভারতীয় কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। প্রতি ট্রাকে গড়ে ৯ থেকে ১১ মেট্রিক টন কাঁচা মরিচ ছিল।
ভোমরা কাস্টমস কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাস্টমসের যাবতীয় শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করে আমদানিকৃত কাঁচা মরিচ দ্রুত দেশের বিভিন্ন জেলা ও আড়তে পাঠানো হচ্ছে। এতে বাজারে সরবরাহের ঘাটতি মিটবে বলে তিনি মনে করেন।
ব্যবসায়ীরা জানান, মাত্র দুই সপ্তাহ আগেও স্থানীয় বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছিল। তবে টানা বৃষ্টির কারণে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে মরিচ ক্ষেত তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়। ফলস্বরূপ বাজারে পণ্যটির তীব্র সংকট দেখা দেয় এবং দাম বেড়ে ৩০০ থেকে ৩৫০ টাকায় পৌঁছায়।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, প্রথম চালানের পর পরবর্তী দিনগুলোতে আরও অধিক পরিমাণ কাঁচা মরিচ দেশে আসার অপেক্ষায় রয়েছে। নিয়মিত এই আমদানি চালু থাকলে খুব দ্রুতই মরিচের বাজার স্থিতিশীল হবে এবং ভোক্তাদের স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের।
১৭০ বার পড়া হয়েছে