সর্বশেষ

জাতীয়

'আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতায় ঢাকা-দিল্লি সম্পর্কে প্রভাব পড়বে'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের মাটিতে থেকে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো পলাতক নেতার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে চায়, তবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কেউ বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে।
শামা ওবায়েদ

সোমবার (৩ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শামা ওবায়েদ।

তিনি বলেন, “আমরা চাই না ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও নেতিবাচক হোক। বরং আমরা সম্পর্ককে আরও উন্নত করতে চাই। কিন্তু পলাতক আসামিরা যদি ভারতের মাটিতে বসে রাজনৈতিক বক্তব্য দেন বা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত করেন, তবে তা দুই দেশের সম্পর্ককে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সব সময় ভারতের সঙ্গে সামনের দিকে তাকানো বা ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সরকারের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আগামী ৫ আগস্ট দিল্লি থেকে শেখ হাসিনার সম্ভাব্য ভার্চুয়াল বক্তব্য দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, ভারত সরকার আগেই জানিয়েছে যে তারা কোনো পলাতক আসামির রাজনৈতিক বক্তব্য প্রত্যাশা করে না। এ ধরনের কোনো অনুষ্ঠানের বিষয়ে ভারতের বর্তমান অবস্থান কী, তা দেশটির সরকারকেই পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশ পরিষ্কারভাবে জানিয়েছে—ভারতের মাটি ব্যবহার করে সাজাপ্রাপ্ত বা পলাতক কেউ যেন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন। প্রয়োজন হলে এ বিষয়ে আবারও কূটনৈতিক মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে।

বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে ভারতের একটি সংসদীয় কমিটির উদ্বেগের বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারত, চীনসহ বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডারের আসন্ন ঢাকা সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশের প্রতিনিধিদলের আগমনকে সরকার ইতিবাচকভাবে দেখে। দুই দেশের সম্পর্ক উন্নয়নের কাজ চলমান রয়েছে।

তিনি জানান, দেশের মানুষের স্বার্থ ও অর্থনৈতিক সুবিধার কথা বিবেচনায় নিয়ে সিভিল নিউক্লিয়ার সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

সৌদি আরবের উদ্যোগে গঠিত ১৩ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি এ বিষয়ে অপপ্রচার বা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ওআইসিসহ বিভিন্ন বহুপক্ষীয় প্ল্যাটফর্মে কাজ করে আসছে। আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ নীতিগতভাবে এ উদ্যোগকে সমর্থন করেছে। তবে জোটে বাংলাদেশের অংশগ্রহণের পরিধি ও কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী কোথায়, কখন ও কীভাবে সফর করবেন, তা সময়ই জানাবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন