সাতক্ষীরায় সড়কের দুই পাশে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরায় মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়া সড়কের দুই ধারে সোমবার বেলা সাড়ে ১১টায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার বিভিন্ন সড়ক, গ্রামীণ রাস্তা ও বেড়িবাঁধে এই সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রকৃতির ভারসাম্য বজায় রেখে একটি সবুজ সাতক্ষীরা গড়ে তোলার লক্ষ্যে কদমতলা মোড় থেকে বৈকারী অভিমুখী সড়কের দুই পাশে প্রায় ৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে। এছাড়া চলতি বর্ষা মৌসুমে এলাকার জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বিএনপি নেতা আব্দুস সালাম মধুসহ স্থানীয় সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
১০৭ বার পড়া হয়েছে