মুন্সীগঞ্জে জেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে জেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সভায় জেলার স্কাউট আন্দোলনের সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় জেলার স্কাউটিংয়ের মানোন্নয়ন এবং বিভিন্ন ইউনিটের কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম এবং বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলার কমিশনার নাজমা চৌধুরী এলটিসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় শিক্ষার্থীদের মধ্যে স্কাউটিংয়ের মূল আদর্শ ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে নানামুখী উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা, সদস্য সংখ্যা বৃদ্ধি এবং আসন্ন ‘কাব হলিডে’ উদযাপনের প্রস্তুতি ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, বর্তমানে মুন্সীগঞ্জ জেলায় ব্যাপক উৎসাহের সাথে স্কাউটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলাটিতে বর্তমানে ৯৯২টি কাব ইউনিটে ২৩,৮৩২ জন কাব স্কাউট এবং ১৬৩টি স্কাউট ইউনিটে ৫,২১৬ জন স্কাউট সদস্য সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
১২৪ বার পড়া হয়েছে