নতুন আইন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
নবনিযুক্ত ২৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে (এএজি) রাষ্ট্রের স্বার্থে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
নতুন নিয়োগ পাওয়া আইন কর্মকর্তাদের প্রথম কর্মদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার (২ আগস্ট) এ কার্যক্রমের আগে দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেন নবনিযুক্ত আইন কর্মকর্তারা।
এ সময় আইন কর্মকর্তাদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, সবার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা এক নয়। প্রত্যেকে নিজের বিশেষজ্ঞতার জায়গা থেকে রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করবেন। দেশপ্রেম, সততা ও পেশাগত দক্ষতার ভিত্তিতেই রাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ প্রত্যাশা করে—যেকোনো প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সততা, কর্মদক্ষতা, জাতীয় চেতনা ও দেশপ্রেমকে গুরুত্ব দেওয়া হবে। এসব বিষয় বিবেচনা করেই সরকার ও রাষ্ট্রপতি আইন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন বলে তিনি মনে করেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দায়িত্ব শুধু সরকারের পক্ষে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের প্রতিটি নাগরিক এই কার্যালয়ের সেবার সঙ্গে যুক্ত। তাই জনগণের কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে কিছু অসন্তোষের বিষয়ে তিনি বলেন, বড় একটি দপ্তরে সবাইকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ৩৩৭ জন আইন কর্মকর্তা ছিলেন। পরে সেই সংখ্যা কমেছে। বর্তমান সরকার ও রাষ্ট্রপতি প্রয়োজন বিবেচনা করে যতজন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রয়োজন মনে করেছেন, ততজনকেই নিয়োগ দিয়েছেন।
তিনি আরও বলেন, অনেক যোগ্য সহকর্মী এবার নিয়োগের তালিকায় স্থান পাননি। এর কারণ নিয়োগদাতারাই ভালো বলতে পারবেন। তিনিও নতুন নিয়োগপ্রাপ্তদের একজন মাত্র।
এর আগে গত ৩০ জুলাই আইন মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।
১২৬ বার পড়া হয়েছে