প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নির্ধারণ করেছে সরকার। আগামী ১ অক্টোবর ২০২৬ সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন নির্বাচিত শিক্ষকেরা। রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগযোগ্য শূন্য পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রার্থীদের যোগদানের পর বিদ্যালয়ে পদায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর পর্যায়ক্রমে তাঁদের পেশাগত প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।
এর আগে শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে একটি জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানিয়েছিলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। প্রক্রিয়াগত জটিলতার কারণে নিয়োগ কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি জানান।
সচিব জানিয়েছিলেন, নির্বাচিত শিক্ষকেরা যোগদানের পর তাঁদের পদায়ন করা হবে এবং পরে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
এদিকে চূড়ান্তভাবে নির্বাচিত সহকারী শিক্ষকেরা নিয়োগ বিধিমালা-২০২৫ অনুসরণ করে দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাঁরা কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষকদের দাবি, আগস্ট মাসের মধ্যেই যোগদান ও পদায়নের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক। তাঁরা লিখিত প্রজ্ঞাপন বা অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন।
১৪০ বার পড়া হয়েছে