ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার পেল দোস্ত এইডের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী
রবিবার, ২ আগস্ট, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০টি দুস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘দোস্ত এইড’। শনিবার সকালে উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যার এই চরম সংকটের মুহূর্তে এসব সামগ্রী পেয়ে পরিবারগুলোর মুখে স্বস্তির হাসি ফুটেছে।
ইসলামপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ মো: জুবায়ের। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দোস্ত এইড বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং সমাজের অন্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী এবং চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুস ছালাম। এ সময় স্থানীয় অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই বিশেষ স্বাস্থ্য প্যাকেজ দেওয়া হয়েছে। বিতরণকৃত প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন, পরিবারের সকলের জন্য টুথপেস্ট, টুথ ব্রাশ, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, লাইফবয় সাবান ও অ্যান্টিসেপটিক লিকুইডসহ অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় সামগ্রী।
দোস্ত এইডের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগের এই সময়ে দুর্গত এলাকার মানুষের জন্য নিরাপদ স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যেই তারা এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। ভবিষ্যতে এই ধরনের সাহায্য আরও বড় পরিসরে করা হবে বলে সংস্থাটির প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন।
১৪৪ বার পড়া হয়েছে