১০ লাখ টাকায় কিডনী বেঁচে দিনমজুর পেল ৫০ হাজার!
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৫:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে ১০ লাখ টাকার চুক্তিতে কিডনি বিক্রি করে চরম প্রতারণার শিকার হয়েছেন গাইবান্ধার এক অসহায় দিনমজুর। অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি কেটে নেওয়ার পর তাকে মাত্র ৫০ হাজার টাকা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মন্টু মিয়া প্রতারক চক্রের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন।
অভাবের তাড়নায় ধার-দেনায় জর্জরিত দিনমজুর মন্টু মিয়াকে ফাঁদে ফেলেছিল একটি সংঘবদ্ধ কিডনি পাচারকারী চক্র। ঢাকার এক ধনী নারীর কিডনি প্রয়োজন এবং এর বিনিময়ে ১০ লাখ টাকা দেওয়া হবে—এমন প্রলোভন দেখিয়ে মন্টুকে রাজি করায় চক্রের সদস্যরা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে মন্টুর পাসপোর্ট তৈরি করে চক্রটি তাকে অগ্রিম ৫০ হাজার টাকা দেয়। এরপর তাকে অবৈধভাবে ভারত হয়ে নেপালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি কিডনি অপসারণ করা হয়।
অস্ত্রোপচারের পর সুস্থ হলে তাকে কোনো টাকা না দিয়ে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে চুক্তির অবশিষ্ট সাড়ে ৯ লাখ টাকা দাবি করলে চক্রের সদস্যরা তা দিতে অস্বীকার করে এবং তাকে ভয়ভীতি দেখায়। নিরুপায় হয়ে অবশেষে তিনি জয়পুরহাটের আমলি আদালতে মামলা দায়ের করেন।
এই মামলায় বগুড়া, শিবগঞ্জ, কালাই ও নোয়াখালীর মোট আটজন দালালকে নামধারী এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আদালতের নির্দেশে কালাই থানায় মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
আইনজীবীরা জানিয়েছেন, অসহায় মানুষের চরম দারিদ্র্যের সুযোগ নিয়ে যারা এমন অমানবিক ও অবৈধ অঙ্গ বিক্রি চক্র চালায়, তাদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১০৬ বার পড়া হয়েছে