শেষ সময়ে জমজমাট চাঁপাইনবাবগঞ্জ বৃক্ষমেলা, সময় বাড়ানোর দাবি
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর নির্ধারিত সময় শেষ হতে আর মাত্র একদিন বাকি রয়েছে। এই পরিস্থিতিতে বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ ও দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনা করে মেলার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছেন অংশগ্রহণকারী স্টল মালিকরা।
বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় জেলার বিভিন্ন প্রান্তের নার্সারি মালিক ও তরুণ উদ্যোক্তারা অংশ নিয়েছেন। মেলা প্রাঙ্গণে ফলজ, বনজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধক হরেক রকমের গাছের সমাহার ঘটেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিপুল সংখ্যক প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থী মেলা প্রাঙ্গণে ভিড় করছেন।
ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় এখনো প্রচুর পরিমাণ মূল্যবান ও দুর্লভ প্রজাতির গাছ বিক্রির অপেক্ষায় রয়েছে। হুট করে মেলা শেষ হয়ে গেলে বিপুল পরিমাণ গাছ অবিক্রিত থেকে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এতে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন স্টল মালিকরা।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গীর দৃষ্টি আকর্ষণ করে ব্যবসায়ীরা জানান, মেলার সময়সীমা আরও সাত দিন বৃদ্ধি করা হলে তারা আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। একই সঙ্গে জেলার সর্বস্তরের মানুষ নিজেদের পছন্দের গাছ সংগ্রহ করার পর্যাপ্ত সময় পাবেন, যা সরকারের সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করবে।
সাধারণ দর্শনার্থীরাও মেলা প্রাঙ্গণে এসে সময় বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন। চাকরিজীবী ও ব্যস্ত নাগরিকরা জানান, কর্মব্যস্ততার কারণে সপ্তাহের অন্য দিনগুলোতে মেলায় আসা সম্ভব হয় না। ছুটির দিনগুলোতে মেলা চালু থাকলে তারা সপরিবারে এসে প্রয়োজনীয় চারাগাছ সংগ্রহ করতে পারতেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
১১৭ বার পড়া হয়েছে