নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর’ সেবার উদ্বোধন
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নগদবিহীন লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য করতে নাটোরে ‘বাংলা কিউআর’ লেনদেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে জনতা ব্যাংক পিএলসি। শহরের মাদ্রাসা মোড় এলাকার নর্থ বেঙ্গল সুপার মার্কেটের কয়েকটি দোকানে কিউআর কোডের মাধ্যমে লেনদেন শুরু করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বুধবার সকাল ১১টায় জনতা ব্যাংক পিএলসির পটুয়াপাড়া শাখার উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসির রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. জাহাংগীর হোসেন জোয়াদ্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক নাটোর এরিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সফিকুর রহমান এবং পটুয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. মাসুদ পারভেজ। এ ছাড়া ব্যাংকের নাটোর অঞ্চলের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনের অংশ হিসেবে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকার নর্থ বেঙ্গল সুপার মার্কেটের কয়েকটি প্রতিষ্ঠানে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার করে ডিজিটাল লেনদেনের কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. জাহাংগীর হোসেন জোয়াদ্দার বলেন, নগদবিহীন অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকেরা যেকোনো ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ বা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে দ্রুত ও সহজে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন।
বিশেষ অতিথি মো. সফিকুর রহমান বলেন, ‘বাংলা কিউআর’ চালুর ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা আরও সহজে ডিজিটাল লেনদেনের সঙ্গে যুক্ত হতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং নিরাপদ আর্থিক লেনদেনের পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে দেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
ব্যাংকটির কর্মকর্তারা জানান, ‘বাংলা কিউআর’ ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহক উভয়েই দ্রুত, নিরাপদ এবং স্বচ্ছ লেনদেনের সুবিধা পাবেন। ভবিষ্যতে এ সেবার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
১২৪ বার পড়া হয়েছে