পাবনায় শ্রম আইন ও শিশুশ্রম নিরসনে বিশেষ মতবিনিময় সভা
বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পাবনায় শ্রম আইন মেনে নিম্নতম মজুরি নির্ধারণ, শিশুশ্রম নির্মূল এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
বুধবার দুপুরে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রমবিধিমালা, ২০১৫-এর আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, কর্মক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি হ্রাস ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন আইনি দিক তুলে ধরা হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শ্রম পরিদর্শক ইমাম হোসাইন, শাখাওয়াৎ হোসেন এবং রঞ্জু আহম্মেদ। এছাড়া ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে পাবনা চেম্বারের পরিচালক হারুন অর রশিদ এবং স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র ম্যানেজার হারুন অর রশিদ আলোচনায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, শিল্প খাতের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা অপরিহার্য। বিশেষ করে সব ধরনের কলকারখানা ও সেবা প্রতিষ্ঠানকে শিশুশ্রম মুক্ত রাখা এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় জোর দেওয়ার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় পাবনা জেলার পোল্ট্রি, হ্যাচারি, বেকারি, হোটেল-রেস্তোরাঁ ও সিমেন্ট কারখানাসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তারা আইন বাস্তবায়নে প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
১২৮ বার পড়া হয়েছে