রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইসির প্রাথমিক আলোচনা, চূড়ান্ত হয়নি ভোটের দিন
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের বিষয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করার বিধান রয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা করা হয়েছে।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকলে এবং না থাকলে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবস্থা রয়েছে। তবে এখনো নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়নি। দিনক্ষণ চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সিইসি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এ নির্বাচনের ভোটার তালিকা জাতীয় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা হবে। এ বিষয়ে সংসদ সচিবালয়কে প্রয়োজনীয় চিঠিও দেওয়া হয়েছে।
এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমেদসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১৮ বার পড়া হয়েছে