গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৯:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলাটি স্থানীয় পৌর পার্কে আগামী ১ আগস্ট পর্যন্ত চলবে। আজ রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই উৎসবের উদ্বোধন করা হয়।
আজ ২৬ জুলাই সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা ঘটে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে. এম. বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার এবং গোপালগঞ্জ সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ও স্থানীয় শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পৌর পার্কে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ডা: কে. এম. বাবর। মেলায় মোট ২২টি স্টল স্থান পেয়েছে, যা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা: কে. এম. বাবর বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি পরিবেশ রক্ষায় দেশজুড়ে বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে পরিবার ও সমাজসহ সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
১২৯ বার পড়া হয়েছে