খুলনায় মৎস্যজীবী ও ভূমিহীনদের ভূমি অধিকার নিশ্চিতে বিশেষ কর্মশালা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনায় প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের ভূমি অধিকার নিশ্চিতকরণ এবং খাসজমি বন্দোবস্তের লক্ষ্যে কেন্দ্রীয় ভূমি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। টেকসই বাসস্থান ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র রূপায়ণের উদ্দেশ্যে আয়োজিত এই সভায় উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের অধিকার ও জলমহাল ইজারা প্রাপ্তির নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর বাস্তবায়নে এবং ওশান গ্রান্টাস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় খুলনার সিএসএস আভা সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘ফিশনেট’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ। এতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে খাস জমি বন্দোবস্তের গুরুত্বারোপ করেন। তবে এই খাস জমি বিতরণে সরকারি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে বলে তারা দাবি করেন। উত্তরণ দীর্ঘদিন ধরে ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে উল্লেখ করে বক্তারা অতীতের সফল আন্দোলনের উদাহরণ তুলে ধরেন।
বিশেষ করে ১৯৯৮ সালে সাতক্ষীরার কালীগঞ্জ ও দেবহাটা উপজেলায় ভূমিহীনদের অধিকার আদায়ে গড়ে ওঠা আন্দোলনের সাফল্য সভায় আলোচিত হয়। সেই আন্দোলনের ফলে প্রায় ১৫০০ পরিবার জমির দলিল পেয়েছিল এবং তাদের পরবর্তী প্রজন্ম এখন মূলধারার কর্মসংস্থানে যুক্ত হতে পেরেছে।
উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মো. মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট পুলিন সরকার, অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল ও মো. রেজওয়ানুল হক চৌধুরী। বক্তারা জলমহাল ইজারা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান আইনি জটিলতা নিরসন এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন।
১৩২ বার পড়া হয়েছে