নওগাঁয় ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে শাহরিয়ার আহম্মেদ ইমন নামের কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। শনিবার সকালে শহরের বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহরিয়ার আহম্মেদ ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি শহরের বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী ছাত্রাবাস’-এর ১০৯ নম্বর কক্ষে একাকী থাকতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা ইমনের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। কোনো সাড়া না পেয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা ওই ছাত্রাবাসে আসেন। সেখানে দরজায় বারবার ধাক্কা দিয়েও কোনো সাড়া মেলেনি। পরে অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সাথে ইমনের মরদেহ ঝুলতে দেখা যায়।
খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১২১ বার পড়া হয়েছে