রাষ্ট্রপতির পদত্যাগ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ২:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। শুক্রবার বিকেলে তাঁর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে জমা দেওয়া হয়। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন বলে জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
স্পিকার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ নম্বর দফা অনুযায়ী রাষ্ট্রপতি বিকেল ৫টা ১ মিনিটে তাঁর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র তাঁর কাছে জমা দেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পদত্যাগের কারণ সম্পর্কে স্পিকার বলেন, রাষ্ট্রপতি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে গুরুতর স্বাস্থ্যসমস্যায় ভুগছেন। তাঁর হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতা রয়েছে। এ ছাড়া তাঁর হৃদযন্ত্রে আগে বাইপাস সার্জারি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতির অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। শারীরিক ও মানসিক সক্ষমতার সীমাবদ্ধতার কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলেও পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে।
স্পিকার বলেন, রাষ্ট্রপতির দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে। এ কারণেই তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, স্পিকার হিসেবে শপথ গ্রহণের দিনই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্যও শপথ নিয়েছিলেন। সংবিধান অনুযায়ী, কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন।
১১৯ বার পড়া হয়েছে