কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের সদর ও পাকুন্দিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র ও এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এ ছাড়া পাকুন্দিয়ার দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনারই আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার জেলা শহরের গাইটাল এলাকায় শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় তুহিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, তুহিন সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় ঘুরতে যায়। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত পুলিশ সদস্য সামছুলের ছেলে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, একই দিন বেলা ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার চিলকারা এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে একটি বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে দুটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়।
সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক নিহত হন। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ছাড়া অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, নিহতদের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১৪৩ বার পড়া হয়েছে