দৌলতপুরে মাঠ থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার, শরীরে অস্ত্রের আঘাত
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৫:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক চা বিক্রেতার ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকার একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
নিহত সামিরুল শাহ উপজেলার তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সামিরুল ও তাঁর পরিবার মূলত পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী উপজেলা থেকে এসে দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার ওই এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে একটি মাঠের মধ্যে বাঁশের মাচার ওপর সামিরুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা। তাঁর শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হলে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এবং ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ কর্মকর্তারা নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তদন্ত শুরু করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।
২৪৩ বার পড়া হয়েছে