মাদারগঞ্জে ২৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৫:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জে একটি গুদামঘরে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মৎস্য শিকারের সরঞ্জাম উদ্ধার করেছে প্রশাসন। অভিযানে আনুমানিক ২৬ লাখ টাকা মূল্যের ৮৬২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া এলাকার জামাই বাজারে এই বিশেষ মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন মাদারগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও।
অভিযান সূত্র জানায়, স্থানীয় তারতাপাড়া এলাকার অভিযুক্ত রফিকুল ইসলাম বালিস্টরের একটি গুদামঘরে অবৈধ জাল মজুত রাখার খবর পায় প্রশাসন। তাৎক্ষণিকভাবে সেখানে হানা দিলে অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। পরবর্তীতে গুদামঘরের তালা ভেঙে তল্লাশি চালিয়ে ৯৩টি বস্তাভর্তি ৮৬২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। বাজারমূল্য নির্ধারণ করে দেখা যায়, জব্দকৃত এসব ক্ষতিকর জালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ ৮৬ হাজার টাকা।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয় সহায়তা প্রদান করেন। জব্দ করা ক্ষতিকর এই জালগুলো সরকারি বিধিমালা অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে প্রশাসন নিশ্চিত করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও গণমাধ্যমকে জানান, দেশীয় মাছের প্রজনন নির্বিঘ্ন করতে এবং মৎস্যসম্পদ রক্ষায় ক্ষতিকর ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অবৈধ জাল বিক্রি, মজুত কিংবা ব্যবহারের সঙ্গে জড়িত অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩০ বার পড়া হয়েছে