পুলিশ প্রশাসনে বড় রদবদল: সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এই রদবদলে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।
বিদায়ী এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), সিআইডি ও পাবনা জেলা পুলিশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটে রদবদল করা হয়েছে।
১২৬ বার পড়া হয়েছে