পাইকগাছায় আরএফএল কর্মকর্তার মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার পাইকগাছায় একটি ভাড়া বাসা থেকে আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেউড়ির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকেই তাঁর রুমমেট ও সহকর্মী অন্তর সরকার তালাবদ্ধ ঘরের চাবি ও মোটরসাইকেল নিয়ে পলাতক রয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহত বিশ্বজিৎ দেউড়ি (২৩) ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হিরালাল দেউড়ির ছেলে। তিনি আরএফএল কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত রুমমেট অন্তর সরকার (২৩) মাদারীপুরের কালকিনী উপজেলার বাসিন্দা এবং তিনি একই প্রতিষ্ঠানে সহকারী টেকনিশিয়ান পদে নিয়োজিত ছিলেন। গত দুই মাস ধরে তাঁরা পাইকগাছা পৌরসভার হাসপাতাল রোড এলাকার একটি ভাড়া বাসায় একসঙ্গে থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে স্থানীয় একটি দোকানে দুজনকে একসঙ্গে নাস্তা করতে দেখা যায়। পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁদের কোনো খোঁজ না মেলায় সহকর্মী নয়ন রায় তাঁদের সন্ধানে বাসায় যান। সেখানে দরজার সামনে রক্ত ও রক্তমাখা ছুরি পড়ে থাকতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইরে থেকে তালাবদ্ধ ঘরটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের মেঝেতে বিশ্বজিতের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকেই সহকর্মী অন্তর সরকার তাঁর ব্যবহৃত মোটরসাইকেলসহ লাপাত্তা রয়েছেন।
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতা বা অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবারের মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্তর সরকারকে গ্রেপ্তারে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে পুলিশ।
১২৫ বার পড়া হয়েছে