সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৩০ কেজি হরিণের মাংসসহ আটক ১
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার দুপুরে কোস্ট গার্ডের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত হরিণের মাংসের আনুমানিক মূল্য প্রায় ৬৬ হাজার টাকা বলে জানা গেছে।
সুন্দরবনের নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন এক মাংস ব্যবসায়ীকে তল্লাশি করে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬৬ হাজার টাকা।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্যপ্রাণী নিধন রোধে নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তি ও জব্দ করা হরিণের মাংস পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সুন্দরবনের নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বন উজাড় ও বন্যপ্রাণী শিকার বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
১৫২ বার পড়া হয়েছে