মুন্সীগঞ্জে ‘বর্ষায় নজরুল’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৪:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর ‘বর্ষায় নজরুল’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কবির অসাম্প্রদায়িক চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ও সাম্যের বাণী চিরকাল বাঙালিকে স্বাধিকার আন্দোলনে প্রেরণা জুগিয়েছে। বিশেষ করে তাঁর অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গড়ার যে স্বপ্ন ছিল, তা নতুন প্রজন্মের মনে ধারণ করা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, জেলা পুলিশ সুপার জনাব মেনহাজুল আলম পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
আলোচকবৃন্দ কবির সাহিত্য, সংগীত ও বৈচিত্র্যময় জীবনদর্শনের নানা দিক তুলে ধরে বলেন, একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে নজরুলের আদর্শকে ধারণ করা এখন সময়ের দাবি। কবির জীবন ও কর্মের ওপর আরও ব্যাপক গবেষণার তাগিদ দেন তাঁরা।
আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবির কালজয়ী সৃষ্টিকর্ম নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৮২ বার পড়া হয়েছে