পাবনায় ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনায় নির্বাচিত সরকার উৎখাতের উদ্দেশ্যে গোপন বৈঠক ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত রোববার রাতে পাবনা সদর থানায় দায়ের করা এই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ জুলাই রাতে পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মালিগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী জমায়েত হন। সেখানে তারা দেশের নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত এবং বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাস্থলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হয়ে নৌকা প্রতীকের স্লোগান দিতে দিতে পাবনা সদর হাসপাতাল রোডের জাকিরের মোড়ের দিকে এগোতে থাকে। ওই সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থলে ধারালো দেশীয় অস্ত্র ও ইটের টুকরা ফেলে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ আখতার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এই মামলায় উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বিদায়ী সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত, সদ্য ঘোষিত কমিটির সভাপতি যুবায়ের বিশ্বাস অন্তু এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ওরফে রাভা।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মামলার এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
১৪৫ বার পড়া হয়েছে