কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানী বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মামলার বিবরণ থেকে জানা গেছে, দৌলতপুরের আদাবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৭) তার নানীর বাড়িতে বসবাস করে আসছিল। শনিবার রাতে বাড়ির পাশের মাথাভাঙা নদীর পাড়ে তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল্লাহ আল সাদি মুগ্ধ (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মুগ্ধ একই গ্রামের বাসিন্দা রাফিউল ইসলামের ছেলে।
নাতনিকে ধর্ষণের পর রাতেই ভুক্তভোগীর নানী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার পর দৌলতপুর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মুগ্ধকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ জানান, ইতিমধ্যে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, অভিযোগ পাওয়া মাত্রই অত্যন্ত তৎপরতার সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
১৩৬ বার পড়া হয়েছে