৫ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরে তিনি দেশটির প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক ও মতবিনিময়ে অংশ নেবেন।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
এ বৈঠকগুলোতে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে সামরিক সহযোগিতা, প্রযুক্তিগত বিনিময় এবং প্রতিরক্ষা খাতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
১৩১ বার পড়া হয়েছে