জামালপুরে সরকারি আশেক কলেজে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে সংঘটিত এই নাশকতামূলক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ‘আল-সাদিক হৃদয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রথম এই অগ্নিকাণ্ডের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি জ্বলন্ত কাপড় স্মৃতি স্তম্ভটির ওপর ছুড়ে মারছেন, যার পরপরই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি আপলোডকারী আল-সাদিক হৃদয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী এবং তিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। প্রায় ৩-৪ মাস আগে তিনি সস্ত্রীক মালয়েশিয়ায় পাড়ি জমান। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার স্থায়ী বাড়ি জামালপুর জেলার মাহমুদপুর ইউনিয়নে এবং অতীতে তিনি জামালপুর জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন মিছিল-সমাবেশে নিয়মিত অংশ নিতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি স্মৃতি স্তম্ভের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন এবং আলামত সংগ্রহের নির্দেশ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তবে সুনির্দিষ্ট তদন্ত ও প্রমাণ ছাড়া এই মুহূর্তে ঘটনার নেপথ্যে কারা রয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
১১৮ বার পড়া হয়েছে