নরসিংদীতে ৩ মাসের শিশুকে নির্যাতন: পাষণ্ড চাচী লতা গ্রেপ্তার
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৬:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী শিশু রিজিককে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই লোমহর্ষক ঘটনার প্রধান আসামি পাষণ্ড চাচী ফারজানা আক্তার লতাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরে এই চাঞ্চল্যকর অভিযান চালানো হয়।
র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত লতাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে আমদিয়া ইউনিয়নের পাইকারদি গ্রামের জহির মিয়ার তিন মাসের শিশু সন্তান রিজিকের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতনকারী চাচী শিশুটির পা মচকে দেওয়ার সেই নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক জনরোষের সৃষ্টি হয়।
পরবর্তীতে এই অমানবিক ঘটনার প্রেক্ষিতে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই র্যাব-১১ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করার জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফারজানা আক্তার লতা শিশুটিকে শারীরিক নির্যাতনের কথা স্বীকার করেছেন এবং নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, চাঞ্চল্যকর এই মামলায় এর আগে লতার স্বামী কাউছার আহম্মেদ এবং শ্বশুর আলমাছ মিয়াকেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
১২৩ বার পড়া হয়েছে