প্রধানমন্ত্রী ঘোষিত 'নজরুল বর্ষ' উপলক্ষে কুমিল্লায় শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে কুমিল্লায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। নবীন প্রজন্মের মাঝে জাতীয় কবির সৃষ্টিকে ছড়িয়ে দিতেই এই বিশেষ আয়োজন।
শুক্রবার দুপুরে কুমিল্লার গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় কুমিল্লার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন। তিনটি পৃথক বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগীরা নিজেদের মেধা ও মননের স্বাক্ষর রাখেন।
কুমিল্লা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান কামরুল হাসান, জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান এবং জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ কাউছারুল ইসলাম। এছাড়া কবি নজরুল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন এবং কুমিল্লা মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহম্মেদ পল্লব এতে বিচারকার্য পরিচালনা করেন।
বিচারক প্যানেলে আরও দায়িত্ব পালন করেন সাংবাদিক ও ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল এবং বিশিষ্ট সংস্কৃতি কর্মী এস এ এম আল মামুন। আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরার লক্ষ্যেই এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১০৮ বার পড়া হয়েছে