সর্বশেষ

সারাদেশ

ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব দেশের মানুষ আর মেনে নেবে না: গোলাম পরওয়ার

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান নেই এবং দেশের জনগণ তা আর কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। নরসিংদীতে এক কর্মী সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বিগত স্বৈরাচারী সরকারের বিভিন্ন দমনপীড়ন ও নৃশংসতার তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে শেখ হাসিনার বিচারের পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কারের ওপর জোর দেন তিনি।

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। শুক্রবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন প্রসঙ্গে জামায়াতের অবস্থান পরিষ্কার করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিগত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের ওপর যে নির্মম বর্বরতা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে, তার ক্ষত এখনো শুকায়নি। আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করে মানুষ হত্যা এবং মরদেহ পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য অপরাধের বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করতে হবে। স্বৈরাচারী সরকারকে দেশের জনগণ যেভাবে বিতাড়িত করেছে, তাতেই স্পষ্ট হয় যে এ দেশে আর ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

দিল্লির আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক আইন ও বন্দি বিনিময় চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমস্ত আন্তর্জাতিক নিয়ম ও জেনেভা কনভেনশন লঙ্ঘন করে একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে সব ধরনের প্রযুক্তিগত সুযোগ-সুবিধা দিয়ে দিল্লিতে রাখার সুযোগ দেওয়া হয়েছে। সেখান থেকেই এ দেশের রাজনীতি, অর্থনীতি ও ব্যবসাবাণিজ্যকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালানো হচ্ছে, যা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়।

দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, দেশকে কোনো ধরনের সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি গড়ে তুলতে যে গণভোট হয়েছে, তার রায় মেনে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার তাগিদ দেন তিনি। অন্যথায় সংকট নিরসনে রাজপথে নামার বিকল্প থাকবে না বলে হুশিয়ারি দেন তিনি।

নরসিংদী জেলা জামায়াতের সংগঠক মো. ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার এবং মশিউল আলমসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন