৪৯ লাখ ডলারে বিক্রি হল পেলের বিশ্বকাপ ফাইনালের জার্সি
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৪:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পরা ফুটবল কিংবদন্তি পেলের ঐতিহাসিক জার্সি নিলামে বিক্রি হয়েছে ৪৯ লাখ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা। নিলাম প্রতিষ্ঠান সোথেবিস জানিয়েছে, পেলের কোনো স্মারক বিক্রির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।
ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্তের সাক্ষী পেলের এই জার্সি বিক্রি হয়েছে নিউইয়র্কে অনুষ্ঠিত সোথেবিসের নিলামে। নিলামে জার্সিটির জন্য মোট ১০টি বিড জমা পড়ে। শেষ পর্যন্ত ৪৯ লাখ ডলারে এটি বিক্রি হয়।
জার্সিটির বিশেষত্ব হলো, এটি পেলে পরেছিলেন ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে। সেদিন সুইডেনের বিপক্ষে ব্রাজিল ৫-২ গোলের জয় পায় এবং প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে। মাত্র ১৭ বছর বয়সে ফাইনালে দুটি গোল করে বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েন পেলে।
পেলের প্রকৃত নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। পরবর্তী সময়ে তিনি শুধু ব্রাজিলের নয়, পুরো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিতি পান। ২০২২ সালে ৮২ বছর বয়সে মারা যান এই কিংবদন্তি।
সোথেবিস এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের ছবি ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বেশি ব্যবহৃত ও পুনর্মুদ্রিত ছবিগুলোর মধ্যে অন্যতম। সেই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে জড়িত ছিল এই জার্সি।
এর আগে ২০০৪ সালে একই জার্সি নিলামে ৭০ হাজার ৫০৫ পাউন্ডে বিক্রি হয়েছিল, যা সে সময় প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ মার্কিন ডলারের সমান ছিল।
তবে পেলের জার্সি বিশ্বের সবচেয়ে দামি ক্রীড়া স্মারক নয়। এই রেকর্ড এখনো রয়েছে কিংবদন্তি বেসবল খেলোয়াড় বেব রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে পরা ‘কলড শট’ জার্সির দখলে। ২০২৪ সালে সেটি ২ কোটি ৪১ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়।
এ ছাড়া ১৯৯৮ সালের এনবিএ ফাইনালে পরা মাইকেল জর্ডানের জার্সি ১ কোটি ১ লাখ ডলারে এবং ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পরা দিয়েগো ম্যারাডোনার জার্সি ৯২ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
১১১ বার পড়া হয়েছে