জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের অবদান জাতি কখনো ভুলবে না: সিসিক প্রশাসক
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেটে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসন ও অপশাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চূড়ান্ত রূপ ধারণ করে। এ আন্দোলনে ছাত্র-জনতার সাহসী ভূমিকা ও আত্মত্যাগ এ দেশের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ বক্তা হিসেবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। সভায় উপস্থিত জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা তাঁদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরেন এবং স্মৃতি সংরক্ষণের দাবি জানান।
শহীদ পরিবারের পক্ষ থেকে সভায় বক্তব্য দেন শহীদ পাভেলের পিতা মো. রফিক উদ্দিন এবং শহীদ মিনহাজ আহমদের বড় ভাই সাঈদ আলমগীর। তাঁরা জুলাই আন্দোলনে সিলেটে শহীদ হওয়া ১৪ জন বীরের স্মৃতি রক্ষার্থে বিভিন্ন রাস্তা বা সরকারি প্রতিষ্ঠানের নামকরণ এবং একটি স্থায়ী কল্যাণ তহবিল গঠনের দাবি জানান। জেলা প্রশাসক এই দাবির প্রতি পূর্ণ সহমত প্রকাশ করে বলেন, প্রকৃত আহতদের তালিকাভুক্ত করার কাজ চলছে এবং আহতদের পুনর্বাসন ও চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এর আগে, দিবসের শুরুতে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে রিকাবীবাজারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২৭ বার পড়া হয়েছে