বজ্রপাত ও জলবায়ু ঝুঁকি রুখতে সাতক্ষীরায় ২০ হাজার খেজুরের বীজ রোপণ
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবেলা এবং বজ্রপাত রোধে সাতক্ষীরার দেবহাটায় এক অনন্য পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধে সারিবদ্ধভাবে ২০ হাজার খেজুরের বীজ ও চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দেবহাটা উপজেলার চরশ্রীপুর এলাকায় এ বনায়ন কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার চরশ্রীপুর থেকে ভাতশালা পর্যন্ত নতুন বেড়িবাঁধে বুধবার এই বনায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 'আমাদের টিম একটি মানবিক পরিবার' নামক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরুল ইসলামের সার্বিক নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল—'উপকূলে তাল-খেজুরের বনায়ন, বজ্রপাত ও জলোচ্ছ্বাস করবে নিয়ন্ত্রণ।'
পরিবেশ রক্ষায় এই মহতী উদ্যোগের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। এসব দুর্যোগের তীব্রতা কমাতে এবং বজ্রপাতজনিত প্রাণহানি ঠেকাতে তাল ও খেজুর গাছের কোনো বিকল্প নেই। স্বেচ্ছাসেবী সংগঠনটির এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও সময়োপযোগী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বনায়ন কার্যক্রমে অংশ নেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তহমীর সিদ্দিকী, স্থানীয় ইউপি সদস্য মাধুবী রাণী এবং মাহবুবুর রহমান বাবলু। এছাড়া টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের প্রতিনিধিদল, সংগঠনের উপদেষ্টা আবু সাইদ ও জাহাঙ্গীর আলমসহ সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
সংগঠনটির নির্বাহী প্রধান মোঃ মনিরুল ইসলাম জানান, উপকূলীয় অঞ্চলের মাটির ক্ষয়রোধ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে স্থানীয় জনগোষ্ঠীকে রক্ষা করতে তাদের এই পরিবেশবান্ধব ও মানবিক আন্দোলন আগামীতেও চলমান থাকবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বেড়িবাঁধের দুই পাশে সারিবদ্ধভাবে ২০ হাজার খেজুরের বীজ ও একশত খেজুরের চারা রোপণ সম্পন্ন করেন। একই সাথে চলতি মৌসুমে তালবীজ রোপণেরও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
১২০ বার পড়া হয়েছে