পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গোপালগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে স্থানীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা ও প্রতিকূল আবহাওয়ার মাঝে পরীক্ষা নেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গোপালগঞ্জের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পর গোপালগঞ্জ সরকারি কলেজ ও হাজী লালমিয়া সিটি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের হাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা স্থগিতের দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মোকাররম শেখ বলেন, বৈরী আবহাওয়া ও দেশজুড়ে ব্যাপক জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারছেন না। বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়া কোনোভাবেই যৌক্তিক নয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখার জোর দাবি জানান তিনি।
অপর এক শিক্ষার্থী শাহারিয়ার জিম অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের কষ্ট ও আবেগ নিয়ে দায়িত্বশীল পর্যায় থেকে বিরূপ মন্তব্য করা হয়েছে। এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানান আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
১৭৩ বার পড়া হয়েছে