প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি শিক্ষা খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হচ্ছে।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।
উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায় অতিক্রম করে এসব প্রতিযোগিতা সম্পন্ন হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, সারা দেশের প্রায় ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। বিভিন্ন ধাপে সেরা নির্বাচিত শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হচ্ছে।
শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষা উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এ অনুষ্ঠানে সম্মানিত করা হচ্ছে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত সেরা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হচ্ছে।
১৩৭ বার পড়া হয়েছে