পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী: ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়া দুর্গত ৫০০ পরিবারের মাঝে বিমানবাহিনীর কক্সবাজার ঘাঁটির উদ্যোগে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগের এই কঠিন সময়ে বিমানবাহিনীর এমন মানবিক সহায়তা স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আশার আলো সঞ্চার করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ বিমানবাহিনীর কক্সবাজার ঘাঁটির সার্বিক তত্ত্বাবধানে বন্যাকবলিত এলাকার মানুষদের হাতে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন বিমানবাহিনীর উইং কমান্ডার মো. মোনোয়ারুল ইসলাম। তিনি জানান, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিমানবাহিনীর একটি পবিত্র ও মানবিক দায়িত্ব। চলমান সংকটময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তদের প্রতি এ ধরনের সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
এই ত্রাণ বিতরণ কর্মসূচি চলাকালীন সময়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার আকাশপথ থেকে পুরো কার্যক্রম ও বন্যা পরিস্থিতির ওপর নজরদারি বজায় রাখে। বিমানবাহিনীর এমন সুশৃঙ্খল ও তড়িৎ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং ত্রাণগ্রহীতারা।
১১৭ বার পড়া হয়েছে