গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহতের ঘটনায় ঘাতক সন্তানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামির নাম আলীম কাজী (২৫)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ কাজীর বাজার গ্রামের বাসিন্দা। আদালত রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১২ মে সন্ধ্যায় আলীম মাদক সেবন করে বাড়িতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার পিতা ইসমাইল কাজী তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আলীম বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যান। নেশার টাকার জন্য প্রায়ই সে পরিবারের উপর নির্যাতন চালাত বলে জানা গেছে।
পরদিন ১৩ মে সকালে ইসমাইল কাজী বাড়ির পাশে আখের রস বিক্রির উদ্দেশ্যে আখ পরিষ্কার করার সময় আলীম বটি দিয়ে তার বাবার গলায় কোপ দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে সাক্ষ্য-প্রমাণ শেষে আজ মঙ্গলবার গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এই রায় দেন।
রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এম জুলকদর সন্তোষ প্রকাশ করলেও আসামির সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে আপিল করার কথা জানান। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব শেখ এই রায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে উল্লেখ করেন।
১২৯ বার পড়া হয়েছে