চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ২.১৬ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ২ দশমিক ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শহিদুল ইসলাম নামে এক যাত্রী। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা গ্রিন চ্যানেল অতিক্রমের সময় ওই যাত্রীকে তল্লাশি করেন।
তল্লাশির একপর্যায়ে যাত্রীর পায়জামার বেল্টের অংশ এবং অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের গহনা ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ দশমিক ১৬ কেজি বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। পরে উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে নজরদারি জোরদার রেখেছে।
১২৮ বার পড়া হয়েছে