ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের তাগিদ
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যয়ে ময়মনসিংহে জাঁকজমকপূর্ণভাবে 'বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬' উদযাপিত হয়েছে। রবিবার জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার। অনুষ্ঠানে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা স্বাস্থ্যকর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে এই বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক মো: মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: জাকির হোসেন এবং স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা। এছাড়া মাঠপর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা পরিকল্পিত পরিবারের গুরুত্ব তুলে ধরেন। স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা বলেন, জনসংখ্যা বৃদ্ধি অপরিকল্পিত হলে তা বোঝায় পরিণত হয়। তাই দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়—এই নীতি বজায় রেখে জনসংখ্যাকে দেশের সম্পদে রূপান্তর করতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল মো: জাকির হোসেন তাঁর বক্তব্যে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে টিমওয়ার্ক বা দলগত প্রচেষ্টার ওপর জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম হুমায়ুন কবির সরকার বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে কর্মক্ষম করে গড়ে তোলার আগ পর্যন্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ করা জরুরি। তা না হলে এটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে। কেবল জন্মনিয়ন্ত্রণই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সুপরিকল্পনা রাখা প্রয়োজন। সুস্থ ও শিক্ষিত জনসংখ্যাই একটি দেশের টেকসই সমৃদ্ধি এনে দেয় বলে তিনি মন্তব্য করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে মো: মাজহারুল হক চৌধুরী বলেন, পরিবার পরিকল্পনার মাঠপর্যায়ের কর্মীরা মানুষের দোরগোড়ায় পৌঁছে মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং বাল্যবিবাহ রোধে নিরলস কাজ করছেন। অনুষ্ঠান শেষে বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জনকারী স্বাস্থ্যকর্মীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
১৩৫ বার পড়া হয়েছে