প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী, ময়মনসিংহে ৫৭০৫ জনের সাফল্য
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে, যেখানে সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুল ও সাধারণ কোটা মিলিয়ে মোট ৫ হাজার ৭০৫ জন শিক্ষার্থী মেধার স্বাক্ষর রেখেছে। আজ রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এই ফলাফল ঘোষণা করেন।
সারাদেশের ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে। এবারের ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা বেশ এগিয়ে রয়েছে। বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৩৫ হাজার ৮৯২ জন হলেও ছাত্রীর সংখ্যা ৪৩ হাজার ৩৫৪ জন।
ময়মনসিংহ বিভাগের চার জেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এই বিভাগে মোট ৫ হাজার ৭০৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২ হাজার ১০৬ জন ট্যালেন্টপুলে এবং ৩ হাজার ৫৯৯ জন সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে। জেলাভিত্তিক তথ্যানুযায়ী, ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ ২ হাজার ৩৭০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮৯০ জন এবং সাধারণ কোটায় ১ হাজার ৪৮০ জন রয়েছে।
বিভাগের অন্যান্য জেলার মধ্যে জামালপুরে মোট বৃত্তি পেয়েছে ১ হাজার ৩৯১ জন, যার মধ্যে ট্যালেন্টপুলে ৫১৪ জন এবং সাধারণ কোটায় ৮৭৭ জন। নেত্রকোনা জেলায় মোট ১ হাজার ১১৩ জন (ট্যালেন্টপুল ৪২৩, সাধারণ ৬৯০) এবং শেরপুর জেলায় ৮৩১ জন (ট্যালেন্টপুল ২৭৯, সাধারণ ৫৫২) শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ময়মনসিংহ জেলার সদর উপজেলা থেকে সর্বোচ্চ এবং ধোবাউড়া উপজেলা থেকে সর্বনিম্ন সংখ্যক শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সুবিধার বিষয়ে জানা গেছে, বর্তমানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা এবং সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা করে পাচ্ছে। এছাড়া উভয় ক্যাটাগরির শিক্ষার্থীরা বছরে এককালীন ২২৫ টাকা পেয়ে থাকে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে বৃত্তির অর্থ প্রায় দ্বিগুণ করার একটি নতুন প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অভিভাবকেরা ঘরে বসেই মোবাইল এসএমএস এবং অফিশিয়াল 'আইপিইএমআইএস' পোর্টের মাধ্যমে খুব সহজে ফলাফল জানতে পারবেন।
১৩৪ বার পড়া হয়েছে